হায়দরাবাদে ২৬/১১ মুম্বই হামলার ছায়া? নাশকতার হুমকি ই-মেলে, শহরজুড়ে হাই অ্যালার্ট
হায়দরাবাদে বড় ধরনের নাশকতার হুমকি দিয়ে একটি ই-মেল আসায় শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। ই-মেল প্রেরক নিজেকে লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি করেছে। ওই বার্তায় ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে হায়দরাবাদের হোটেল টুরিস্ট প্লাজ়া এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৩০০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, জম্মু-কাশ্মীরের কুলগামে লস্কর জঙ্গি লতিফ ভাট নিকেশের বদলা নিতেই এই হুমকি দেওয়া হয়েছে। হুমকি ই-মেল পাওয়ার পরেই হায়দরাবাদ সিটি পুলিশের জয়েন্ট কমিশনার অফ পুলিশ (স্পেশাল ব্রাঞ্চ) শীর্ষ আধিকারিকদের সতর্কবার্তা পাঠিয়েছেন।
যদিও পুলিশ এই হুমকিকে ভুয়ো বলে সন্দেহ করছে, তবুও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। রবিবার থেকেই শহরের জনবহুল এলাকা, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সন্দেহজনক জায়গাগুলিতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হচ্ছে।
সাইবার ক্রাইম দপ্তরের আধিকারিকরা ই-মেল প্রেরককে চিহ্নিত করতে জোরকদমে তদন্ত শুরু করেছেন। হায়দরাবাদ সিটি পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা পরিত্যক্ত বস্তু নজরে এলে দ্রুত ১১২ নম্বরে ফোন করে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।