যৌতুকের দাবিতে বিয়ের আসর থেকে ফিরলেন দিল্লি পুলিশের কনস্টেবল, অভিযোগ কনেপক্ষের

দিল্লি পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে বিয়ের দিন যৌতুকের দাবিতে অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে। কনেপক্ষের অভিযোগ, বিয়ের জন্য প্রায় সাড়ে নয় লক্ষ টাকা মূল্যের একটি হুন্ডাই অরা গাড়ি আগে থেকেই বুক করা ছিল। কিন্তু বিয়ের ঠিক আগে বর কুলদীপ সেই গাড়ি বদলে প্রায় তেরো লক্ষ টাকা দামের মারুতি ব্রেজা গাড়ি দাবি করেন। কনের বাবা শেষ মুহূর্তে সেই গাড়ি জোগাড় করতে পারেননি, ফলে বর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

কনের পরিবারের দাবি, বরের চাহিদা কেবল গাড়িতেই সীমাবদ্ধ ছিল না। বর ও তাঁর পরিবারের সদস্যদের জন্য সোনার চেন, কানের দুল এবং রুপোর নুপুরসহ একাধিক গহনার দাবি জানানো হয়েছিল। এমনকি বরের বড় ভাই ও ভাবীর জন্যও গহনা এবং আসবাবপত্রের চাহিদাও ছিল বলে অভিযোগ।

মামাচাঁদ বাটিকায় বিয়ের সমস্ত আয়োজন ও অতিথি আপ্যায়নের প্রস্তুতি সম্পন্ন থাকলেও বরের আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিয়ের দিন বরযাত্রী না নিয়ে কুলদীপ কেবল তাঁর মাকে সঙ্গে নিয়ে সাদামাটা পোশাকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি ব্রেজা গাড়ির খোঁজ করেন এবং গাড়ি না মেলায় কনের পরিবারের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। কনের পরিবারের অভিযোগ, সেই সময় বর অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং বিয়ে করতে অস্বীকার করেন। এই ঘটনার পর কনে ও তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *