রামমন্দিরের দানবাক্স চুরি: আট কর্মীর দায় চাপানোয় প্রশ্ন তুলল কংগ্রেস, চাইল সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত
অযোধ্যার রামমন্দিরে দানবাক্স থেকে অর্থ ও সামগ্রী চুরির ঘটনায় শুধুমাত্র আটজন কর্মীকে দায়ী করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক বিবৃতিতে জানিয়েছেন, কোটি কোটি মানুষের আবেগের প্রতীক এই মন্দিরে ভক্তদের দেওয়া প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব থাকা অত্যন্ত জরুরি।
কংগ্রেসের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে, এই ঘটনায় প্রকৃত প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, মন্দির নির্মাণ থেকে শুরু করে অনুদান সংগ্রহ ও প্রণামী গণনার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার দায়িত্বে থাকা বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হয়নি।
দলের তরফে প্রাক্তন অ্যাকাউন্ট ইনচার্জ মহীপাল সিংয়ের পুরনো অভিযোগের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, ২০২১ সালেই প্রণামী গণনায় অনিয়মের বিষয়টি ট্রাস্টের শীর্ষকর্তা চম্পত রাই ও গোপাল রাওকে জানানো হয়েছিল। অভিযোগ, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে মহীপাল সিংকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কংগ্রেস দাবি করেছে, দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই অনিয়মের দায় মন্দির ট্রাস্টের শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই এড়াতে পারেন না।
ভক্তদের আস্থার সঙ্গে কোনো আপস বরদাস্ত করা হবে না জানিয়ে, পুরো ঘটনার সত্যতা উদঘাটনে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং মন্দির ট্রাস্টের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিরোধী দলটি।