প্যাকেটজাত জলের গুণমান নিয়ে কড়া FSSAI, বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন
প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিশ্চিত করতে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। দেশের এই শীর্ষ খাদ্য নিয়ন্ত্রক সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিয়েছে। খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিসলেরি ইন্টারন্যাশনালের প্রাঙ্গণ থেকে সংগৃহীত খনিজ জল ব্যতীত অন্যান্য প্যাকেটজাত পানীয় জলের নমুনা পরীক্ষায় নির্ধারিত ব্রোমেট সীমার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির আপিলের ভিত্তিতে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানেও পরীক্ষার ফলাফলে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAH)-এর উপস্থিতি ধরা পড়ে এবং নমুনাটিকে ‘অসুরক্ষিত’ হিসেবে চিহ্নিত করা হয়। এই চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে বিসলেরির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে FSSAI।
উল্লেখ্য, চলতি বছরে খাদ্য ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন সংস্থা এবং ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদার করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে এনার্জি ড্রিংক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে তাদের।