ইএসআইসি-র নতুন বিধি: মাতৃত্বকালীন ও অসুস্থতার ভাতা পেতে আবেদন নয়, সরাসরি অ্যাকাউন্টে
এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি) কর্মীদের আর্থিক সুবিধা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন সাধারণ বিধি, ২০২৬ কার্যকর করেছে। এই নতুন নিয়মের ফলে এখন থেকে অসুস্থতা ও মাতৃত্বকালীন ভাতার টাকা পাওয়ার জন্য কর্মীদের বারবার আলাদা করে আবেদন করতে হবে না। নির্দিষ্ট শর্ত পূরণ হলে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪ কোটি বিমাকৃত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ১৫ কোটি মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ১৯৫০ সালের পুরোনো নিয়মের পরিবর্তে এই নতুন বিধি কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, তিনটি শর্ত পূরণ হলে এই সুবিধা স্বয়ংক্রিয় ভাবে পাওয়া যাবে। প্রথমত, ইএসআইসি-র তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে চিকিৎসার শংসাপত্র তৈরি হতে হবে। দ্বিতীয়ত, নিয়োগকর্তাকে নির্ধারিত মাসিক রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। তৃতীয়ত, কর্মীর বিমা নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবে কর্মীরা চাইলে আগের মতোই অনলাইনে বা অন্য মাধ্যমে নিজেদের দাবি জানাতে পারবেন, সেই বিকল্পও খোলা রাখা হয়েছে।
এছাড়াও, মাতৃত্বকালীন ভাতার দাবি জানানোর সময়সীমা ৫০ দিন থেকে বাড়িয়ে ৫৬ দিন করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নিয়োগকর্তার জমা দেওয়া দুর্ঘটনার রিপোর্টই আর্থিক সুবিধার দাবিপত্র হিসেবে গণ্য হবে। এর ভিত্তিতেই সাময়িক ও স্থায়ী অক্ষমতার ভাতা এবং কর্মীর মৃত্যুর ক্ষেত্রে পরিবারের নির্ভরশীল সদস্যদের ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, নিয়োগকর্তা তথ্য জমা না দিলেও কর্মীর প্রাপ্য সুবিধা আটকে রাখা যাবে না।
ইএসআইসি-র নিয়ম অনুযায়ী, ১০ জন বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে এই বিমা বাধ্যতামূলক এবং মাসে ২১ হাজার টাকা পর্যন্ত বেতন পান এমন কর্মীরা এই সুবিধার যোগ্য।