বিসলেরি ও আশা কনফেকশনারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর: জনস্বাস্থ্যের স্বার্থে কড়া নজরদারি
খাদ্য সুরক্ষা ও গুণমান আইন, ২০০৬ অনুযায়ী, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থার প্যাকেজড পানীয় জলের নমুনা পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষার পর জলটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়। পরবর্তীতে রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো নমুনায় দ্বিতীয়বার এবং তৃতীয়বারের পরীক্ষাতেও একই ফলাফল পাওয়া যায়। নমুনায় ব্রোমেট ছাড়াও PAH-এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যা ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে পরিচিত। ল্যাবে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, গুণমান ও লেবেলিংয়ে গাফিলতির অভিযোগে ‘আশা কনফেকশনারি’-এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে FSSAI। সংস্থাটির চকোলেট-ফিল্ড কুকিজের নমুনা পরীক্ষায় দেখা গিয়েছে, প্যাকেটে উল্লেখ না করেই তাতে ‘কার্মোসিন’ রঙ মেশানো হয়েছে। এছাড়া খাদ্যপণ্যে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ‘টারট্রাজিন’ এবং ‘সানসেট ইয়েলো এফসিএফ’-এর মতো নিষিদ্ধ রঙের ব্যবহারও ধরা পড়েছে। FSSAI-এর পক্ষ থেকে আশা কনফেকশনারির পণ্যগুলিকে ‘বিভ্রান্তিকর তথ্যযুক্ত, নিম্নমানের ও অসুরক্ষিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে অবিলম্বে ওই ব্যাচের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।