এশিয়ার তৃতীয় শক্তি হিসেবে ভারতের অবস্থান সুদৃঢ়, নেতৃত্বের সূচকে মোদী দ্বিতীয় স্থানে
লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী, এশিয়ায় তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে ভারত তার অবস্থান আরও সুদৃঢ় করেছে। সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য উন্নতি করেছে, যার ফলে এর স্কোর ৪৩.৮ পয়েন্টে পৌঁছেছে। সাংস্কৃতিক বিস্তার, তথ্যপ্রবাহ এবং পারস্পরিক আদানপ্রদানের মতো বিষয়গুলি এই উন্নতির কারণ। সামগ্রিক শক্তির সূচকে ভারত ৪০.৫ পয়েন্ট নিয়ে তার অবস্থান মজবুত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৮ সাল থেকে চিনের সঙ্গে ভারতের শক্তির ব্যবধান অনেকটাই কমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আঞ্চলিক নেতৃত্বের কার্যকারিতায় তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন।
তবে কিছু উদ্বেগের বিষয়ও উঠে এসেছে। টাকার দামের পতন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২,০০০ কোটি ডলার কমে যাওয়াকে নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা নিয়েও কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
এশিয়ার ভূ-রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সূচকটি জানিয়েছে, সামরিক শক্তির নিরিখে আমেরিকা (৭৮.৯ পয়েন্ট) এবং চিন (৭৩.৬ পয়েন্ট) একে অপরের ঘাড়ের কাছে পৌঁছেছে। সামরিক আধুনিকীকরণ এবং সমুদ্রে নিজেদের দাপট বাড়িয়ে বেজিং ওয়াশিংটনকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে সমস্ত সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, এশিয়ার অন্য যে কোনও দেশের তুলনায় ভারতের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এখনও অনেক বেশি বলে রিপোর্টে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।