নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১০ পড়ুয়া
সোমবার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের আপার চ্যাংমারি চা বাগান এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন হরিলাল ওরাও, সুরজ টোপ্পো এবং শীত সোরেন। এই ঘটনায় চ্যাংমারি চা বাগান হাই স্কুলের ১০ জন পড়ুয়া আহত হয়েছে।
জানা গেছে, চ্যাংমারি চা বাগান হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে ফেরার পথে একটি ক্যান্টারের ব্রেক ফেল করে। এরপর ক্যান্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারত-ভুটান সীমান্ত লাগোয়া কাস্টমসের আউট পোস্ট অফিসে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। জখম ১০ জন পড়ুয়াকে প্রথমে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মালবাজার হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকদের বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছিল।
ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী, জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছে জখমদের চিকিৎসার খোঁজ নেন। ডিআইজি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এদিকে, স্কুলের প্রধান শিক্ষক কুমার ছেত্রী জানিয়েছেন, এই ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে এসেছে এবং স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের পাশে থেকে সব রকম সাহায্য করবে। রাজনৈতিক প্রতিনিধিরাও হাসপাতালে পৌঁছে পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।