কনৌজে মর্মান্তিক পথদুর্ঘটনা: স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ৪ ছাত্রের মৃত্যু, আহত ৩২

উত্তরপ্রদেশের কনৌজে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ পথদুর্ঘটনায় চার স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ একটি স্কুলবাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, কৌশাম্বীর একটি স্কুলের পড়ুয়ারা তাজমহল ভ্রমণ শেষে বাসে করে ফিরছিল। পথে শৌচকর্মের জন্য বাসটি রাস্তার পাশে থামলে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই ছিল স্কুল পড়ুয়া। সংঘর্ষের তীব্রতায় বাসের পিছনের অংশটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় বাসিন্দা এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট অথোরিটির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় আহত ৩২ জনকে নিকটবর্তী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। নিহত চার পড়ুয়ার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, আহতদের মধ্যে স্কুলের ম্যানেজার এবং এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কানপুরে স্থানান্তরিত করা হয়েছে। জেলাশাসক হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। অক্ষত পড়ুয়াদের জন্য অন্য বাসের ব্যবস্থা করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *