তামিলনাড়ুতে মহিলা IAS আধিকারিককে শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় শাসকদলের বিধায়ক
তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার এক মহিলা IAS আধিকারিক শাসকদল তামিলগা ভেত্রি কাজ়াগম (TVK)-এর বিধায়ক সি অরুল ভিগ্নেশের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ তুলেছেন। জেলাশাসক অভিযোগ করেছেন যে, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বিধায়ক তাঁর শরীর ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করতেন।
শুধু তাই নয়, বিধায়কের বিরুদ্ধে তাঁর পোশাক ও চেহারা নিয়ে অশালীন মন্তব্য করার পাশাপাশি আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগও উঠেছে। সোমবার বিকেলে জেলাশাসক তাঁর এক পরিচিত ব্যক্তির মাধ্যমে জেলার পুলিশ সুপারের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। এর আগে গত ৯ নভেম্বর DMK সাংসদ কানিমোঝি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে, বিধায়ক অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি মদ্যপ অবস্থায় জেলাশাসকের বাড়িতেও গিয়েছিলেন।
তবে, বিধায়ক অরুল ভিগ্নেশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক কারণে তাঁকে এবং তাঁর দলকে কালিমালিপ্ত করার জন্য এই ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টেও শুনানি হয়েছে। আইনজীবী আর ত্রিশুলির দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণ জেলাশাসক ও মুখ্যসচিবের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। এর আগে বিচারপতি ভিক্টোরিয়া গৌরিও প্রশ্ন তুলেছিলেন যে, একজন মহিলা আধিকারিককে অশালীন বার্তা পাঠানো কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শামিল কি না। এখন পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ার পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।