পকসো মামলায় নির্যাতিতার বয়ানের সামান্য ফারাক মুক্তি পাওয়ার কারণ হতে পারে না, জানাল হাইকোর্ট
পকসো (POCSO) মামলায় নির্যাতিতার বয়ানে সামান্য ফারাক থাকলেই অভিযুক্ত মুক্তি পেতে পারে না। এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিশেষ আদালতের দেওয়া তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় বহাল রেখে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। ইন্দোরে এক ১২ বছর বয়সী নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ইউসুফ নামে এক রাজমিস্ত্রিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিযুক্ত হাইকোর্টে আবেদন করেন। আবেদনকারীর দাবি ছিল, নির্যাতিতার বয়ানে অসংগতি রয়েছে এবং বকেয়া মজুরি নিয়ে বিবাদের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
তবে মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে বিশেষ আদালতের সাজাই বহাল রেখেছে। বিচারপতি অলোক অবস্থি পর্যবেক্ষণ করেন যে, পুলিশের কাছে দেওয়া বয়ান এবং আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সামান্য পার্থক্য থাকা স্বাভাবিক। তিনি আরও জানান, নাবালিকার বয়ানে ধারাবাহিকতা রয়েছে এবং স্কুলের নথি অনুযায়ী তার বয়সও নিশ্চিত। আদালত স্পষ্ট করেছে, যৌন অপরাধের ক্ষেত্রে নির্যাতিতার বিশ্বাসযোগ্য সাক্ষ্যই দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। এর বিপরীতে কোনো জোরালো প্রমাণ না থাকলে অন্য স্বাধীন সাক্ষীর প্রয়োজন পড়ে না।
হাইকোর্ট আরও জানিয়েছে, পকসো আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী যৌন অভিপ্রায়ে শারীরিক স্পর্শই অপরাধ হিসেবে গণ্য হয়, এর জন্য যৌনাঙ্গে অনুপ্রবেশ বাধ্যতামূলক নয়। নাবালিকার একা থাকার সুযোগ নিয়ে আপত্তি সত্ত্বেও হাত ধরে রাখা এবং হুমকি দেওয়ার মতো ঘটনাগুলো পকসো আইনের আওতায় পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর দাবির সপক্ষে কোনো প্রমাণ না মেলায় আদালত এই রায় প্রদান করেছে।