বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হ্যান্ডলুমের পোশাক ব্যবহারের পরামর্শ উচ্চশিক্ষা দফতরের, গ্রামীণ তাঁতশিল্পীদের মুখে হাসি
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে প্রচলিত গাউনের পরিবর্তে হ্যান্ডলুমের তৈরি পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ইউজিসির ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের নির্দেশিকার কথা উল্লেখ করে দফতর জানিয়েছে, ভারতের আবহাওয়ার সঙ্গে হ্যান্ডলুমের পোশাক অনেক বেশি আরামদায়ক। এই উদ্যোগের ফলে একদিকে যেমন দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ববোধ বাড়বে, তেমনই গ্রামীণ তাঁতশিল্পীদের জীবিকার পথও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
পোশাকের নকশা নির্বাচনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পোশাকবিধি চাপিয়ে না দিয়ে, ভারতীয় ঐতিহ্য মেনে উত্তরীয়সহ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহারের কথা বলা হয়েছে। উপাচার্য, বিশিষ্ট অতিথি এবং ডিগ্রি-প্রাপকদের জন্য পৃথক পোশাকের নকশা তৈরির সুযোগও রাখা হয়েছে।
শুধু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নয়, তাদের অধীনস্থ কলেজগুলোতেও এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। গৃহীত পদক্ষেপের ছবি ও ভিডিও ইউজিসির ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি মনিটরিং পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এছাড়া, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষা দফতরকে লিখিতভাবে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৯তম সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিধি ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলার দাবি জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।