খড়্গপুরের অদূরে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর হামলা, আতঙ্কিত যাত্রীরা
মঙ্গলবার বিকেলে হাওড়াগামী হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। খড়্গপুর স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ট্রেনটি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ডি-৮ কামরার জানালার কাচ ভেঙে যায়। কামরায় থাকা যাত্রীরা এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন।
যাত্রীদের দাবি, বাইরে থেকে একটি ভারী ইটের টুকরো এসে কামরার ভেতরে পড়েছিল। চলন্ত ট্রেনে এমন আকস্মিক হামলায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
খড়্গপুর ডিভিশনের রেল আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য মেলেনি।
উল্লেখ্য, চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। রেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে সারা দেশে ট্রেনে পাথর ছোড়ার ১৬৯৮টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। এই ধরনের ঘটনা রুখতে রেল কর্তৃপক্ষ ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে। রেলের সম্পত্তি নষ্ট এবং যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।