সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের গো-পুজো মগড়ায়, গো-হত্যা বন্ধে কড়া বার্তা
হুগলির মগড়া ইসলামপাড়ার একটি গোশালায় মঙ্গলবার গরু পুজো করলেন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি গোশালায় উপস্থিত হয়ে গরুর গায়ে উত্তরীয় পরিয়ে দেন। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি গো-পুজো সম্পন্ন করেন। এই অনুষ্ঠানে পুরোহিতের উপস্থিতিতে বিধায়ক গরুকে ফলও খাওয়ান।
পুজোর পর বিধায়ক স্বরাজ ঘোষ জানান, গো-হত্যা বন্ধ করার বিষয়ে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। তিনি দাবি করেন, সনাতন ধর্মে গরুকে দেবতা হিসেবে মানা হয়, তাই কোনোভাবেই গো-হত্যা বরদাস্ত করা হবে না। নিজের বিধানসভা এলাকায় গো-হত্যা বন্ধ করতে তিনি পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। কোনো জায়গায় এমন ঘটনা ঘটলে তা যেন অবিলম্বে তাঁকে জানানো হয়, সেই নির্দেশও তিনি দলীয় কর্মীদের দিয়েছেন।
পাশাপাশি, গোশালা তৈরির ক্ষেত্রে সরকারি সহায়তার বিষয়টিও তিনি তুলে ধরেন। বিধায়ক জানান, সরকারি নিয়ম মেনে যারা নতুন গোশালা তৈরি করবেন, তাদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারাও এই সরকারি সুবিধা পাবেন বলে তিনি উল্লেখ করেন। গো-হত্যা রুখতে এবং গোমাতার সুরক্ষায় তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।