রাজ্যের বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য সুখবর: বকেয়া কর ও জরিমানায় বিশেষ ছাড় ঘোষণা পরিবহণ দফতরের
রাজ্যের বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য একটি বিশেষ ছাড়ের ঘোষণা করেছে পরিবহণ দফতর। 'One Time Waiver Scheme 2026-27 for Penalty on due taxes and partial waiver of additional fees' নামক এই প্রকল্পের আওতায় বকেয়া কর এবং ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত জরিমানায় বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যদি বকেয়া কর পরিশোধ করা হয়, তাহলে অর্থ প্রদানের তারিখ পর্যন্ত জমে থাকা জরিমানার সম্পূর্ণ ১০০ শতাংশ মকুব করা হবে। এর পাশাপাশি, সময়মতো ফিটনেস সার্টিফিকেট বা সিএফ পুনর্নবীকরণ না করার কারণে যে অতিরিক্ত ফি ধার্য করা হয়, তাতেও আংশিক ছাড়ের সুবিধা পাওয়া যাবে।
এই সুবিধা পেতে হলে বাণিজ্যিক যানবাহনের মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে হবে এবং সিএফ নবীকরণের জন্য আবেদন করতে হবে। গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কর ও ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণে মালিকদের উৎসাহিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যের বহু বাণিজ্যিক গাড়ির মালিক দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স না দেওয়ায় এবং বৈধ সিএফ না থাকায় নানা সমস্যায় পড়েছিলেন। অর্থাভাবে কর দিতে না পেরে অনেক মালিক তাঁদের গাড়ি বসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন বকেয়া রাজস্ব আদায়ের পথ সুগম হবে, তেমনই অন্যদিকে গাড়ি মালিকরাও বাড়তি জরিমানার বোঝা থেকে মুক্তি পাবেন। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা রাজস্ব আদায়ের ফলে দফতরের প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজও গতি পাবে বলে আশা করা হচ্ছে।