ছত্তিশগড়ের কোরবায় প্রায় ৫০০ জনের ‘ঘর ওয়াপসি’, সনাতন ধর্মে ফিরলেন ১০০টি পরিবার

ছত্তিশগড়ের কোরবা জেলায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১০০টি পরিবারের ৫০০ জন সদস্য পুনরায় সনাতন ধর্মে ফিরে এসেছেন। অখিল ভারতীয় ঘর ওয়াপসি অভিযানের প্রধান এবং ছত্তিশগড় বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রবল প্রতাপ সিং জুদেও ও মহামণ্ডলেশ্বর স্বামী অনিলানন্দ মহারাজের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রথাগত রীতিনীতির মাধ্যমে তাঁদের স্বাগত জানানো হয়।

এই ব্যক্তিরা মূলত কোরবা ও পার্শ্ববর্তী শক্তি জেলার আদিবাসী ও গ্রামীণ সম্প্রদায়ের বাসিন্দা। অনুষ্ঠানে প্রবল প্রতাপ সিং জুদেও নিজে হাতে জল ও ফুলের পাপড়ি দিয়ে ফিরে আসা মানুষদের পা ধুইয়ে দেন এবং তাঁদের উত্তরীয় ও দেবদেবীর ছবি উপহার দিয়ে বরণ করে নেন।

আয়োজকদের দাবি, দীর্ঘদিন আগে বিভিন্ন প্রলোভন বা পরিস্থিতির চাপে পড়ে এই মানুষগুলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। রবিবার ধর্মসেনা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে তাঁরা স্বেচ্ছায় নিজেদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

মঞ্চে দাঁড়িয়ে ধর্মান্তরণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শক্তি জেলার বাসিন্দা সমরীন বাই সতনামী ও লতা সাহু জানান, তাঁদের স্বামীদের অসুস্থতা সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল। তবে তথাকথিত পবিত্র জল বা প্রার্থনায় কোনো ফল না মেলায় এবং স্বামীদের মৃত্যুর পর তাঁদের মোহভঙ্গ হয়। নিজেদের মূল শিকড় ও সংস্কৃতিতে ফিরে আসার প্রয়োজনীয়তা অনুভব করেই তাঁরা পরিবারসহ পুনরায় সনাতন ধর্মে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *