ইরানে গায়িকাকে ৭৪ বেত্রাঘাত: ‘নির্যাতন’ আখ্যা দিয়ে জাতিসংঘের তীব্র নিন্দা

ইরানের বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘন করে কনসার্টে গান গাওয়ার ‘অপরাধে’ গায়িকা পরস্তু আহমাদিকে ৭৪টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনাকে ‘নির্যাতন’ এবং ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তি সব পরিস্থিতিতেই নিষিদ্ধ এবং অমানবিক বলে গণ্য করা হয়। জাতিসংঘ অবিলম্বে ইরানকে এই প্রথা বাতিল করার আহ্বান জানিয়েছে।

আইনি নথিপত্র অনুযায়ী, কওম প্রসিকিউটর অফিসের সাজা কার্যকরকারী ইউনিটে এই শাস্তি কার্যকর করা হয়। পরস্তু আহমদীর পাশাপাশি তার কনসার্ট দলের আরও চার সদস্য—মোহসেন লস্করি, সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি এবং আমির-আলি পিরনিয়াকেও একই পরিমাণ বেত্রাঘাত করা হয়েছে। তাদের আইনজীবী মোস্তফা নিলি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে চিত্রায়িত ‘কারাভানসেরাই কনসার্ট’-এর একটি ভিডিও থেকে। কওমের কাছে ঐতিহাসিক দেইর-ই গাচিন কারাভানসেরাইতে আয়োজিত ওই অনুষ্ঠানে গায়িকা এবং তার দলের সদস্যরা ইরানের বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ। ভিডিওটিতে দেখা যায়, গায়িকা খোলা চুলে এবং হাতাবিহীন পোশাকে পুরুষ সঙ্গীতশিল্পীদের সঙ্গে গান গাইছেন। রক্ষণশীল ধর্মীয় পরিবেশের জন্য পরিচিত কওম শহরে এই ঘটনাটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক স্পষ্ট করেছেন যে, চাবুক মারা বা বেত্রাঘাত করা নিষ্ঠুর ও অবমাননাকর শাস্তির অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, কোনো অবস্থাতেই এই ধরনের শারীরিক নির্যাতন গ্রহণযোগ্য নয়। ইরানকে এই ধরনের শাস্তি প্রদান থেকে বিরত থাকার এবং তাদের আইন থেকে এই প্রথা চিরতরে নির্মূল করার জন্য কঠোর বার্তা দিয়েছে বিশ্ব সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *