রিয়াদে ড্রোন হামলার পর ইয়েমেনের সানায় তীব্র বিমান হামলা, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
সৌদি আরবের রিয়াদের একটি আর্থিক কেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর ইয়েমেনের রাজধানী সানায় তীব্র বিমান হামলা চালানো হয়েছে। হুথি-চালিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শক্তিশালী বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং আশেপাশের বাড়ির জানালাগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া দাবি করেছেন যে, গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ইয়েমেন জুড়ে ৭২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদের আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে ড্রোন হামলার কথা নিশ্চিত করে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং আরব লীগ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
এদিকে, ব্রিটিশ সরকার হুথি গোষ্ঠী এবং তাদের চার নেতার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক জাহাজে হামলা, মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হুথি পররাষ্ট্র বিভাগ এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে ব্রিটেনের বিরুদ্ধে ইয়েমেনে সৌদি আরবের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলেছে। ২০১৪ সাল থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘাত চলছে এবং ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে।