পকসো আইনে গুরুত্বপূর্ণ রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের: অনুপ্রবেশ ছাড়াই যৌন অভিপ্রায়ে স্পর্শ নিগ্রহের শামিল

মধ্যপ্রদেশ হাইকোর্ট পকসো আইনের ৭ নম্বর ধারার ব্যাখ্যা দিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে। আদালত বলেছে, যৌন অভিপ্রায়ে শারীরিক স্পর্শই যৌন নিগ্রহ হিসেবে গণ্য হবে এবং এর জন্য পেনিট্রেশন বা অনুপ্রবেশ ঘটানো বাধ্যতামূলক নয়।

এই রায়টি এসেছে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর ইন্দোরে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। সে সময় ১২ বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ইউসুফ নামে এক রাজমিস্ত্রিকে নিম্ন আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল। অভিযুক্ত ইউসুফ এই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন।

অভিযুক্তের দাবি ছিল যে, বকেয়া মজুরি নিয়ে বিবাদের জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে হাইকোর্ট এই দাবি খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, বকেয়া মজুরি সংক্রান্ত দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। এছাড়াও, বয়ানে সামান্য অমিল থাকলেও মামলার মূল ভিত্তি নড়ে না বলে আদালত স্পষ্ট করে দিয়েছে। নাবালিকার জন্মের শংসাপত্র এবং স্কুলের নথি থেকে তার বয়স নিশ্চিত করা হয়েছে।

আদালত আরও জানিয়েছে যে, যৌন অপরাধের ক্ষেত্রে নির্যাতিতার নির্ভরযোগ্য সাক্ষ্যই দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। পুলিশের কাছে দেওয়া বয়ান এবং আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বক্তব্যে সামান্য পার্থক্য থাকা স্বাভাবিক। সব দিক বিবেচনা করে মধ্যপ্রদেশ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *