আসানসোলের ইসমাইলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত প্রতাপ দাস পলাতক
আসানসোল দক্ষিণ থানার পুলিশ একটি দল ইসমাইল এলাকায় অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল প্রতাপ দাস, যার বিরুদ্ধে লুটসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত প্রতাপ দাস পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এরপর সে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনার পর আসানসোল দক্ষিণ থানার পাশাপাশি হিরাপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। ইসমাইল এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় জোরদার নজরদারি চালানো হচ্ছে। অভিযুক্তের সম্ভাব্য গতিবিধি খতিয়ে দেখে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনো পুলিশকর্মী বা সাধারণ মানুষের আহত হওয়ার খবর সরকারিভাবে পাওয়া যায়নি। পলাতক অভিযুক্তের সন্ধানে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।