ভোট মিটতেই পেট্রল ও ডিজেলের অগ্নিমূল্য, এবার কি তবে আমজনতার পকেটে টান?

ভোটের আবহ কাটতে না কাটতেই সাধারণ মানুষের আশঙ্কাই সত্যি হলো। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই দেশজুড়ে একধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পেট্রল, ডিজেল ও সিএনজির দাম। শুক্রবার থেকে লিটারপ্রতি তিন টাকা করে বেড়েছে পেট্রল ও ডিজেল, পাশাপাশি প্রতি কেজি সিএনজির দামও বেড়েছে তিন টাকা। এর আগে বাণিজ্যিক গ্যাসের দামও একধাক্কায় সিলিন্ডারপিছু ৯৯৩ টাকা বাড়ানো হয়েছিল। জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা—সবক্ষেত্রেই খরচের বোঝা কয়েকগুণ বাড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রান্নাঘরে তীব্র আঁচ ও খাদ্যসংকটের আশঙ্কা

পেট্রল-ডিজেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে আমজনতার রান্নাঘরে। ভারতের অভ্যন্তরীণ পণ্য পরিবহন ব্যবস্থা মূলত ডিজেলচালিত ট্রাকের উপর নির্ভরশীল। ফলে পরিবহনের খরচ বাড়ার কারণে চাল, ডাল, ফল ও সবজির দাম বাড়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি আলু, পেঁয়াজ, আদা বা বেগুনের মতো কৃষিজ পণ্য মজুত রাখার জন্য হিমঘরের জেনারেটরে প্রচুর ডিজেল ব্যবহৃত হয়। কোল্ড স্টোরেজের খরচ বাড়লে স্বাভাবিকভাবেই বাজারে সবজি ও মাছের দাম আরও চড়বে। অন্যদিকে, চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি ডিজেলে চলায় কৃষকদের উৎপাদন খরচও বাড়বে, যা আগামী দিনে খাদ্যসংকটের জন্ম দিতে পারে। সম্প্রতি আমুল এবং মাদার ডেয়ারি দুধের দাম বাড়ালেও, জ্বালানির কারণে দুধ ও দুগ্ধজাত পদার্থের দাম আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

পরিবহন ও ই-কমার্সে খরচের বোঝা

জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের যাতায়াতের খরচও একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে। বাস, ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির পাশাপাশি কলকাতায় সিএনজির দাম বাড়ায় অটো ভাড়াও বাড়তে চলেছে। এর পাশাপাশি ই-কমার্স ও অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থাগুলির পণ্য পৌঁছানোর খরচ বাড়বে। ফলে সার্জন প্রাইসিং, প্ল্যাটফর্ম ফি এবং ডেলিভারি চার্জ বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কেনাকাটার খরচ বাড়বে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় ইতিমধ্যেই হোটেল-রেস্তরাঁর ব্যবসায় মন্দা দেখা দিয়েছে, যার ফলে ছোট দোকান বন্ধ হওয়া এবং হোটেলশিল্প ও ই-কমার্স ক্ষেত্রে বহু মানুষের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে বড়সড় ধাক্কা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *