জম্মু ও কাশ্মীর: ৬৫ পাকিস্তানি জঙ্গির খোঁজে উপত্যকা জুড়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বর্তমানে প্রায় ৬৫ জন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই তথ্যের ভিত্তিতে উপত্যকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
গোয়েন্দা তথ্যে জানা গেছে, এই ৬৫ জন জঙ্গির মধ্যে ৩৫ জন লশকর-এ-ত্যায়বা এবং ২৫ জন জইশ-ই-মহম্মদের সদস্য। বাকি জঙ্গিরা অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত।
নিরাপত্তাবাহিনীর দাবি অনুযায়ী, সম্প্রতি লশকর নেতা লতিফ ভাটের মৃত্যুর পর উপত্যকায় স্থানীয় সক্রিয় জঙ্গির সংখ্যা শূন্যে নেমে এসেছে। নতুন করে জঙ্গি নিয়োগের হারও বর্তমানে প্রায় নেই বললেই চলে।
২০২৪ সালে কাশ্মীরি ও পাকিস্তানি মিলিয়ে মোট ৯১ জন সক্রিয় জঙ্গিকে চিহ্নিত করা হয়েছিল। যার মধ্যে বর্তমানে কেবল ৬৫ জন পাকিস্তানি জঙ্গিই অবশিষ্ট রয়েছে।
নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের মতে, পাকিস্তানি জঙ্গিরা মূলত ঘন জঙ্গল এবং দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে রয়েছে। বিশেষ করে পুঞ্চ, রাজৌরি, কিশ্তোয়ার এবং ডোডা এলাকায় বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। শীতের মরসুমে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যাতে নতুন করে অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।