গাজিয়াবাদে স্বামীকে বিষপ্রয়োগের অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
গাজিয়াবাদের এক ব্যবসায়ী সুশীল কুমার ভাটনগর এবং তাঁর পরিবারের সদস্যদের খাবারে বিষাক্ত সীসা মিশিয়ে হত্যার চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী রেনু ভাটনগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দিরাপুরম থানার অন্তর্গত বসুন্ধরা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ট্র্যাভেল এজেন্সির মালিক সুশীল কুমার ভাটনগর এবং তাঁর পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। স্বাস্থ্যের অবনতি দেখে সন্দেহ হওয়ায় সুশীল ডাক্তারি পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্টেই তাঁদের শরীরে বিষাক্ত মাত্রার সীসার উপস্থিতি ধরা পড়ে।
এই ঘটনার পর গত ২৪ সেপ্টেম্বর সুশীল কুমার ভাটনগর তাঁর স্ত্রী রেনু এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর অবশেষে গত ২৩ নভেম্বর ইন্দিরাপুরম পুলিশ রেনুকে গ্রেপ্তার করে। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশি জেরায় অভিযুক্ত রেনু নিজের অপরাধ স্বীকার করেছেন বলে খবর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, টাকার লোভেই রেনু এই ষড়যন্ত্র করেছিলেন। স্বামীর ৫-৬ কোটি টাকার ট্র্যাভেল এজেন্সি এবং ২ কোটি টাকার জীবন বীমা পলিসির নমিনি ছিলেন তিনি। স্বামী ও পরিবারের সদস্যদের মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক হওয়ার উদ্দেশ্যেই তিনি খাবারে সীসা মেশাতেন বলে জানিয়েছেন। পুলিশ বর্তমানে এই ঘটনার সঙ্গে অন্য কারও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে।