এআই ব্যবহারে ভাষাগত বৈষম্য: বিদ্যুৎ খরচ বৃদ্ধি ও নির্ভুলতার ঘাটতি, বাড়ছে ডিজিটাল বিভেদের আশঙ্কা
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো ইংরেজি ছাড়া অন্য ভাষায় ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বহুগুণ বেড়ে যায় এবং নির্ভুলতার হারও কমে আসে। মিশিগান, অ্যাবারডিন ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণা অনুযায়ী, এআই মডেল কোনো প্রশ্নকে টোকেনে রূপান্তরিত করে বিশ্লেষণ করে। ইংরেজি ভাষার তুলনায় পশতু বা তিব্বতি ভাষার ক্ষেত্রে এই টোকেন তৈরির প্রক্রিয়ায় ১৮০ গুণেরও বেশি শক্তি ব্যয় হতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, যে ভাষাগুলোতে শক্তি বেশি খরচ হয়, সেগুলোতে এআইয়ের নির্ভুলতাও তুলনামূলকভাবে কম। ভারতীয় ভাষাগুলোর ক্ষেত্রেও এই বৈষম্য বিশেষভাবে লক্ষণীয়। উদাহরণস্বরূপ, ইংরেজিতে এআইয়ের নির্ভুলতা যেখানে ৯৪.৬ শতাংশ, সেখানে হিন্দিতে তা নেমে আসে ৭৫.৯ শতাংশে। একইভাবে, তামিল, তেলুগু, গুজরাটি এবং কন্নড়ের মতো অন্যান্য ভারতীয় ভাষায় নির্ভুলতার হার ৬৪ থেকে ৭৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
গবেষক নাইহাও ডেং জানিয়েছেন, ইংরেজিতে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, হিন্দিতে একই কাজ করতে তার চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ডিজিটাল কনটেন্টে ইংরেজি এবং পশ্চিমা ভাষাগুলির ব্যাপক আধিপত্য থাকার কারণে এআই মডেলগুলি প্রশিক্ষণের সময় ভারতীয় ভাষাগুলির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সব ভাষাকে একই এআই মডেলে বিচার করার পদ্ধতি বিশ্বের বেশিরভাগ ভাষার জন্য কার্যকর নয়। আইআইটি কানপুরের অধ্যাপক অর্ণব ভট্টাচার্য উল্লেখ করেছেন যে, এআই মডেলে ইংরেজিকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়, তা ভারতীয় ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারতীয় ভাষায় শব্দের গঠন এবং ব্যাকরণ ভিন্ন হওয়ায় অ্যালগরিদমগুলিতে পক্ষপাত তৈরি হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে ডিজিটাল বৈষম্য আরও প্রকট হতে পারে এবং ভাষিক উপনিবেশবাদের ঝুঁকি বাড়তে পারে।