বালিপাচারে অর্জিত কালো টাকা সাদা করার অভিযোগে সিআইডির নজরে টুলু মণ্ডলের ঘনিষ্ঠরা

বালিপাচারে অর্জিত বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার অভিযোগে সিআইডির নজরে রয়েছেন টুলু মণ্ডল। তদন্তে জানা গিয়েছে, পাচারের টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে না রেখে টুলু মণ্ডল তা ঘুরপথে তাঁর আত্মীয় এবং ব্যক্তিগত গাড়িচালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতেন। সেই অর্থ ব্যবহার করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জমি ও ফ্ল্যাটসহ একাধিক সম্পত্তি কেনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

সাধারণ গাড়িচালক ও আত্মীয়দের নামে বিপুল সম্পত্তির হদিশ মেলায় তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়েছে। এই বেনামি সম্পত্তির সূত্র ধরে টুলু মণ্ডলের আত্মীয় ও ঘনিষ্ঠদের একটি দীর্ঘ তালিকা তৈরি করেছেন ভবানী ভবনের গোয়েন্দারা। তদন্তের প্রয়োজনে তাঁদের তলব করা হতে পারে। আয়ের উৎস এবং সম্পত্তি কেনার নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে সিআইডির।

এই আর্থিক লেনদেনের চক্রে আর কারা জড়িত, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তের ক্ষেত্রে প্রভাবশালী যোগের দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের দাবি, টুলু মণ্ডলের বেআইনি আর্থিক লেনদেনের একটি বড় অংশ রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। ওই ব্যবসায়ীদের সঙ্গে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে খবর। সিআইডির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লেনদেনের নথি সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের পরবর্তী পর্যায়ে আরও বড় নাম সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *