সিজেপি নেতা সৌরভের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা: মুম্বই পুলিশের অনুরোধে পদক্ষেপ, জানাল কেন্দ্র
সিজেপি নেতা সৌরভের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই পুলিশ। গত ২৩ নভেম্বর অক্সফোর্ডের একটি প্যানেল ডিসকাশনে যোগ দিতে যুক্তরাজ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে দেয়। তাঁর পাসপোর্টে একটি অ্যাকটিভ অ্যালার্ট থাকায় তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়।
এই ঘটনার পর সৌরভ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্টে শুনানির সময় কেন্দ্রীয় সরকার জানায়, মহারাষ্ট্র পুলিশের বিশেষ অনুরোধেই সৌরভের বিদেশ যাত্রায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবী আরও জানান, সৌরভের শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা এবং পৈতৃক পরিচয়ের তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে, যা তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তবে সৌরভের আইনজীবী অখিল সিব্বল এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। আইনজীবী অখিল সিব্বল দাবি করেন, বিমানবন্দরে পৌঁছানোর আগে তাঁর মক্কেলকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। ফ্লাইটের ঠিক আগে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয়, যা মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি এও জানান, সৌরভের কাছে বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বর্তমান শুনানিতে লুকআউট সার্কুলারের নথি পেশ করা সম্ভব নয়। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় এই সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ এবং ২২৩ নম্বর ধারায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই মামলায় সিজেপি নেতা অভিজিৎ, আশুতোষ ও সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে মুম্বই পুলিশ।