সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা, রাজনৈতিক মহলে জল্পনা
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, লোকসভার অধিবেশন আগামী ৩০ নভেম্বর বসবে এবং রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২ ডিসেম্বর। কাজের প্রয়োজনে উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই স্বল্পমেয়াদি অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
গত এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালুর লক্ষ্যে তিনটি বিল পেশ করেছিলেন। এর মধ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এ লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ এবং লোকসভার আসনসংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ছিল। এছাড়াও লোকসভা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলও পেশ করা হয়েছিল।
সংবিধান সংশোধনী বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। এই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সরকার ডিএমকে ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-র মতো দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছে কি না, তা নিয়ে বিরোধীদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। যদিও ডিলিমিটেশন বিল এই অধিবেশনে পেশ করা হবে কি না, সে বিষয়ে সরকারের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন পুনর্বিন্যাস বিল পাস করানোই এই অধিবেশন ডাকার মূল লক্ষ্য হতে পারে।