ভারত-চিন সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার দাবি বেজিংয়ের, অরুণাচল নিয়ে পুরনো অবস্থানেই অনড়
ভারত ও চিনের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। বেজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল চেন শি জানিয়েছেন, কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে পূর্বে হওয়া সমঝোতাগুলি কার্যকর করার চেষ্টা চলছে। বেজিংয়ের দাবি, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাই উভয় দেশের লক্ষ্য।
তবে, শান্তির এই বার্তার পাশাপাশি অরুণাচল প্রদেশ নিয়ে নিজেদের পুরনো অবস্থানেই অনড় রয়েছে চিন। সাংবাদিক বৈঠকে চিনা মুখপাত্র দাবি করেন যে, অরুণাচল প্রদেশ চিনের অংশ এবং একে তারা ‘জ়াংনান’ বা দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে। ভারতের অরুণাচল প্রদেশের অস্তিত্ব ও নামকরণকে চিন স্বীকৃতি দেয় না বলেও স্পষ্ট জানানো হয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি বরাবরই এই দাবি খারিজ করে এসেছে। ভারতের স্পষ্ট বক্তব্য, অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ এবং চিনের একতরফা দাবি এই বাস্তবতাকে বদলাতে পারবে না।
সম্প্রতি সীমান্ত ব্যবস্থাপনা আরও মজবুত করা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্তারা বৈঠকে বসেছিলেন। ভারতীয় সেনার তৃতীয় কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া এই আলোচনায় নেতৃত্ব দেন। সীমান্তে শান্তি বজায় রাখা এবং কোনও ধরনের সংঘাত এড়ানোই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। আপার সুবনসিরি এলাকায় সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় রাখার পদক্ষেপ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।