প্যাকেটজাত খাবারে বাধ্যতামূলক লাল ষড়ভুজ সতর্কবার্তা: জনস্বাস্থ্য রক্ষায় সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ

জনস্বাস্থ্য এবং প্যাকেটজাত খাবারের গুণমান নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী নির্দেশ জারি করেছে। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-কে নির্দেশ দিয়েছে যে, এখন থেকে প্যাকেটজাত খাবারের সামনের দিকে পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা বা ‘ফ্রন্ট অফ প্যাকেজ নিউট্রিশন লেবেলিং’ বাধ্যতামূলক করতে হবে।

এই নির্দেশ অনুযায়ী, যদি কোনো প্যাকেটজাত খাবারে নির্ধারিত সীমার চেয়ে বেশি চিনি, নুন বা ফ্যাট থাকে, তবে প্যাকেটের সামনের অংশে লাল রঙের ষড়ভুজ আকৃতির চিহ্ন ব্যবহার করা আবশ্যিক। প্রতিটি লাল ষড়ভুজ চিহ্নের মধ্যে স্পষ্টাক্ষরে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ অথবা ‘হাই ফ্যাট’ লেখা থাকতে হবে। যদি কোনো একটি খাবারে এই তিনটি উপাদানের পরিমাণই বেশি হয়, সেক্ষেত্রে তিনটি পৃথক সতর্কবার্তা দিতে হবে; একটি চিহ্নের মধ্যে সবকটি উপাদানের উল্লেখ করা যাবে না।

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, এই সতর্কীকরণ চিহ্নগুলি প্যাকেটের সামনের প্রধান প্রদর্শনযোগ্য অংশের অন্তত ৪ থেকে ৫ শতাংশ স্থান জুড়ে থাকতে হবে এবং ফন্ট এমন হতে হবে যাতে সাধারণ ক্রেতারা সহজেই তা পড়তে ও বুঝতে পারেন। FSSAI-কে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই উপাদানগুলির নির্দিষ্ট সীমা বা থ্রেশহোল্ড নতুন করে নির্ধারণ করতে বলা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র বাইরে থেকে যোগ করা চিনি বা ফ্যাট নয়, বরং মোট চিনির পরিমাণ, স্যাচুরেটেড ফ্যাট এবং নুনের মোট পরিমাণকে গুরুত্ব দিতে হবে। শীর্ষ আদালত আগামী চার মাসের মধ্যে এই সংক্রান্ত খসড়া বিধি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত সতর্ক করেছে যে, খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলি যেন কৃত্রিম প্রিজারভেটিভ বা অন্য উপাদান ব্যবহার করে এই নতুন নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে, সেদিকেও FSSAI-কে কড়া নজর রাখতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *