নয়ডার বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, পড়াশোনার চাপেই কি এই পরিণতি?

উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১০০ এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে একটি বহুতল আবাসনের ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে এক ১৬ বছর বয়সী একাদশ শ্রেণির ছাত্রী আত্মঘাতী হয়েছে। মৃত কিশোরী তার বাবা-মা ও ছোট বোনের সঙ্গে ওই আবাসনে বসবাস করত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর আড়াইটে থেকে তিনটের মধ্যে এই ঘটনাটি ঘটে। সেই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আবাসনের নিরাপত্তারক্ষীরা বিষয়টি প্রথম লক্ষ্য করেন এবং পরিবারকে খবর দেন। কিশোরীর বাবা দ্রুত পুলিশে খবর দিলে নয়ডা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্কুল ও টিউশনের পরীক্ষায় কম নম্বর পাওয়ায় পড়াশোনার বিষয়ে বাবা-মায়ের বকাবকির অভিমানেই সে এই চরম পথ বেছে নিয়েছে। ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অভয় কুমার মিশ্র জানিয়েছেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পরিবারের সদস্য ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার কিশোরীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *