দিল্লির হোটেলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু, উদ্ধার চিরকুট; প্রেমিক পলাতক

দিল্লির সরাই খোয়াজার একটি হোটেল থেকে ১৯ বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার অরুণা সিংহ নামে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনার আগের দিন সোমবার প্রেমিক বিপিন যাদবের সঙ্গে ওই হোটেলে গিয়েছিলেন অরুণা। ঘটনার পর থেকেই ২৪ বছর বয়সী বিপিন পলাতক। হোটেল কক্ষ থেকে পুলিশ দু’টি চিরকুট উদ্ধার করেছে। একটি চিরকুটে দু’জনের একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্তের কথা লেখা রয়েছে এবং অন্যটিতে লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসাব পাওয়া গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিপিনের সই করা চিরকুটে আট বছরের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। সেখানে বিপিন দাবি করেছেন, বিভিন্ন সমস্যার কারণে তারা দু’জনেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দ্বিতীয় চিরকুটটিতে ৫০ হাজার থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের হিসাব রয়েছে।

বিপিনের পারিবারিক সূত্রে জানা গেছে, কোভিডের সময় বাবা-মাকে হারানোর পর থেকেই তিনি আর্থিক সংকটে পড়েন এবং প্রচুর ধারদেনা করে ফেলেন। অরুণার দাদার অভিযোগ, সোমবার সকালে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর অরুণাকে বাইকে করে হোটেলে নিয়ে যান বিপিন। এরপর হোটেলের ঘরে অরুণাকে ইঁদুর মারার বিষ খাইয়ে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যান বিপিন। এই অভিযোগের ভিত্তিতে থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ পলাতক বিপিনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *