দুবাইয়ের রেস্তোরাঁয় সোনার পাত মোড়ানো ডাল তড়কা, দাম ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা
সাধারণ ডাল তড়কাকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছেন বিখ্যাত শেফ রণবীর ব্রার। দুবাইয়ের ‘কাশকান’ রেস্তোরাঁয় এখন পরিবেশন করা হচ্ছে ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাত মোড়ানো একটি বিশেষ ডাল তড়কা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সোনা সম্পূর্ণ খাওয়ার উপযোগী এবং শরীরের জন্য নিরাপদ।
এই বিলাসবহুল পদের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যা দুবাইয়ের মুদ্রায় ১৫০ থেকে ১৮০ দিরহামের সমান। এই পদের স্বাদ ও উপস্থাপনা নিয়ে ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন, সোনার নিজস্ব কোনো স্বাদ না থাকলেও এটি খাবারের সৌন্দর্য ও বিলাসিতা বহুগুণ বাড়িয়ে তোলে।
দেশি ঘি, কাসুরি মেথি এবং বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই ডাল অত্যন্ত সুস্বাদু। সোনার প্রলেপ থাকার কারণে এর পরিবেশনও বেশ নজরকাড়া। সাধারণ বাটির পরিবর্তে এই ডাল পরিবেশন করা হয় একটি কাঠের সিন্দুকে। ভারতীয় ঐতিহ্যে মূল্যবান সামগ্রী সিন্দুকে রাখার রীতি থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম দেওয়া হয়েছে ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’। সোশ্যাল মিডিয়ায় এই পদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ফুড ব্লগারদের কাছে এটি বিলাসবহুল ভারতীয় খাবারের এক নতুন প্রতীক হয়ে উঠেছে।