টেক্সাসে ৫৭ বছর আগের শিশুহত্যা: ৯২ বছর বয়সী বৃদ্ধা অভিযুক্ত, জামিনের জন্য ৫ লক্ষ ডলার বন্ড
আমেরিকার টেক্সাসে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ৫৭ বছর পর ৯২ বছর বয়সী এক বৃদ্ধাকে অভিযুক্ত করা হয়েছে। হ্যারিয়েট নামের ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৬৯ সালে তার পাঁচ বছরের ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির ওপর দীর্ঘ চার বছর ধরে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। এর ফলস্বরূপ শিশুটি কোমায় চলে যায় এবং অবশেষে ২৫ নভেম্বর, ১৯৬৯ সালে তার মৃত্যু হয়। এত বছর পর নতুন করে এই মামলার তদন্ত শুরু হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সময় হ্যারিয়েটের স্বামী জেমস ফ্লেচার হল র্যান্ডলফ এয়ার ফোর্স বেসে কর্মরত ছিলেন। ভুক্তভোগী শিশুর ভাই জেমস র্যান্ডাল হল এই মামলার অভিযোগকারী হিসেবে নাম লিখিয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরে কর্তৃপক্ষকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছেন এবং ২০২৪ সালে তদন্তকারীদের কাছে নিজের দেখা নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
হ্যারিয়েট অবশ্য ছেলের মৃত্যু নিয়ে দীর্ঘ সময় ধরে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। শুরুতে তিনি দাবি করেছিলেন যে ছেলেটি পড়ে গিয়ে আহত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তিনি দুর্ঘটনার কথা অস্বীকার করেন।
বর্তমানে হ্যারিয়েটকে বেক্সার কাউন্টিতে আটক রাখা হয়েছে এবং তার জামিনের জন্য ৫ লক্ষ ডলার বন্ড ধার্য করা হয়েছে। টেক্সাস রেঞ্জার্স এবং স্থানীয় পুলিশ যৌথভাবে এই দীর্ঘস্থায়ী মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত বৃদ্ধাকে কমলা রঙের জাম্পস্যুট পরা অবস্থায় পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা গেছে। দীর্ঘ কয়েক দশক পর এই মামলার আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচারের আশায় রয়েছে।