মহিলা সংরক্ষণ বিল: ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করার লক্ষ্য মোদী সরকারের
২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। গত এপ্রিলে লোকসভায় প্রয়োজনীয় সমর্থনের অভাবে যে বিলটি আটকে গিয়েছিল, তাতে বড়সড় রদবদল এনে ফের সংসদে পেশ করার প্রস্তুতি শুরু হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর সরকার আত্মবিশ্বাসী যে, ডিএমকে বা এনসিপি-র মতো বিরোধী দলগুলির আপত্তি মেটাতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ফলে এবার বিলটি সহজেই পাশ হবে। সংসদের বিশেষ অধিবেশনে নতুন তিনটি বিল পেশ করা হবে, যার মধ্যে দুটি সংবিধান সংশোধনী বিল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত বিল রয়েছে।
নতুন খসড়া অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যের লোকসভা আসনের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হবে, যার ফলে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা বেড়ে ৮৫০ হতে পারে। তবে লাক্ষাদ্বীপ বা আন্দামানের মতো ছোট কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
দক্ষিণের রাজ্যগুলির আশঙ্কা দূর করতে বিলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ঠিক হয়েছে, লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির ভৌগোলিক সীমানা ২০১১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত হলেও, রাজ্যওয়াড়ি আসনের আনুপাতিক হার ১৯৭১ সালের জনগণনা মেনেই স্থির করা হবে। আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত এই আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে।
মহিলা সংরক্ষণের রূপরেখায় জানানো হয়েছে, শুরুতে ১৫ বছরের জন্য মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। প্রতি মেয়াদের পর সংরক্ষিত আসনগুলি আবর্তন বা রোটেশন পদ্ধতিতে পরিবর্তিত হবে। ১৫ বছরের মেয়াদ শেষে সরকার চাইলে এই সংরক্ষণের সময়সীমা আরও বাড়াতে পারবে। বিল পাশ হওয়ার পর দ্রুত কাজ এগিয়ে নিতে একটি সীমানা পুনর্বিন্যাস কমিশন গঠন করা হবে। সংসদীয় প্রথা মেনে এই সংশোধনী বিলগুলি রাজ্যগুলির কাছেও পাঠানো হবে। সংসদে এই বিলগুলি নিয়ে দীর্ঘ বিতর্কের পর ভোটাভুটির পরিকল্পনা রয়েছে সরকারের।