টেসলার ইলন মাস্কের বেতন প্যাকেজের বিরুদ্ধে নরওয়ের সার্বভৌম তহবিল

আগামী ৩ ডিসেম্বর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ সভায় ইলন মাস্কের ২০২৫ সালের বেতন প্যাকেজের বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম সার্বভৌম আর্থিক তহবিল ‘নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’ (এনবিআইএম)।

এনবিআইএম-এর দাবি, টেসলা বোর্ডের শীর্ষ কর্তাদের বেতন ও ভাতার বিষয়ে আরও স্বচ্ছতা বজায় রাখা উচিত। যদিও এই ভোট বাধ্যতামূলক নয়, তবুও মাস্কের এই বেতন প্যাকেজকে কর্পোরেট জগতের ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রস্তাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও নরওয়ের এই তহবিল মাস্কের বেতন নীতির বিরোধিতা করেছে। ২০১৮ সালের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি বেতন চুক্তি এবং ২০২৪ সালের প্যাকেজের বিপক্ষেও তারা ভোট দিয়েছিল। বিশাল অঙ্কের বেতন, বেতন কাঠামো এবং সাধারণ শেয়ারহোল্ডারদের অংশীদারিত্ব কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি টেসলার ওপর মাস্কের একাধিপত্য নিয়েও তাদের আপত্তি রয়েছে।

তবে বেতন সংক্রান্ত বিষয়ে মতপার্থক্য থাকলেও টেসলার বোর্ডে মাস্কের ভূমিকা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। এনবিআইএম জানিয়েছে, বোর্ডের পুনর্নির্বাচনে মাস্কের পাশাপাশি চেয়ার রবিন ডেনহোম এবং প্রাক্তন চিফ টেকনোলজি অফিসার জেবি স্ট্রবেলের পক্ষেই তারা ভোট দেবে। এর আগে ২০২৩ সালসহ একাধিকবার বোর্ডে মাস্কের নিয়োগের সমর্থনে ভোট দিয়েছিল এই তহবিল।

বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বেতন সংক্রান্ত এই টানাপোড়েনের জেরে মাস্ক এবং এনবিআইএম সিইও নিকোলাই ট্যাঙ্গেনের ব্যক্তিগত সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *