সবংয়ে ১১২ নম্বরে মিথ্যা অভিযোগ, গ্রেপ্তার এক যুবক, পলাতক আরও এক
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নওগাঁ অঞ্চলের বড়সাবড়া গ্রামে জরুরি পরিষেবা নম্বর ১১২-তে ফোন করে মিথ্যা অভিযোগ জানানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শ্যামল মাইতি। ঘটনার সময় তার সঙ্গে থাকা প্রতাপ নায়েক নামে অপর এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
পুলিশ সূত্রে খবর, গত দুদিন ধরে শ্যামল ও প্রতাপ নামে ওই দুই যুবক ১১২ নম্বরে ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায়, ওই দুই যুবক মদ্যপ অবস্থায় রয়েছেন। শুধু মিথ্যা অভিযোগ জানানোই নয়, পুলিশের সঙ্গে তারা অশালীন আচরণ ও কটূক্তিও করেন বলে অভিযোগ উঠেছে। জরুরি পরিষেবার অপব্যবহার এবং পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্যামল মাইতিকে গ্রেপ্তার করে আজ খড়গপুর আদালতে পেশ করা হয়েছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ যে নম্বর ব্যবহার করেন, তাকে এভাবে অপব্যবহার করায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকৃত বিপদে থাকা মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এমন আচরণ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।