অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বই জুড়ে চরম আতঙ্ক!

 

মুম্বইয়ে একের পর এক বোমা হামলার হুমকি, অমিতাভ বচ্চনের বাসভবন ও বিএমসি সদর দপ্তরে চিরুনি তল্লাশি

নিজস্ব প্রতিবেদন, মুম্বই: মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের বাসভবনে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েক দিনে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’, বম্বে হাইকোর্ট, মহালক্ষ্মী রেসকোর্স এবং বিএমসি (BMC) সদর দপ্তরে ধারাবাহিক হুমকি ইমেল পাওয়ার পর নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বম্বে হাইকোর্ট, মহালক্ষ্মী রেসকোর্স ও অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি কাস্টিং ইমেল পাঠানো হয়। খবর পাওয়া মাত্রই বম্বে ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং স্নিফার ডগ স্কোয়াড নিয়ে প্রতিটি স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পরেও কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। প্রশাসন একে নিছক ‘ফেক কল’ বা আতঙ্ক সৃষ্টির একটি পরিকল্পিত চক্রান্ত বলে মনে করছে।

তদন্তে নেমে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। জানা গেছে, গত ২৩ অক্টোবর মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে একটি হুমকি ইমেল আসে, যার অনুলিপি পাঠানো হয়েছিল ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়িকেও। ওই ইমেলে বিএমসি সদর দপ্তর, অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ এবং পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের আসন্ন কনসার্টে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। একই বার্তায় গত ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলারও হুমকি দেওয়া হয়েছিল।

হুমকি ইমেলে উল্লেখ ছিল, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়িতে হামলা চালানো হতে পারে। এছাড়া গত ২ নভেম্বর মহারাষ্ট্রের বিভিন্ন জেলা ও সেশন কোর্টেও ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে আদালতের চত্বরগুলোতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তবে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরও কোথাও কোনো বিপজ্জনক কিছুর অস্তিত্ব মেলেনি।

একের পর এক হুমকি ইমেল এবং আইকনিক স্থানগুলোকে টার্গেট করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মুম্বই পুলিশ জানিয়েছে, পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে সাইবার শাখার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *