রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, দীপাবলির আগেই মিলল ৩% মহার্ঘ ভাতার উপহার!
হরিয়ানা ও পাঞ্জাবে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি: খুশির জোয়ার কর্মীদের মধ্যে
নিজস্ব প্রতিবেদক: হরিয়ানা ও পাঞ্জাব—উভয় রাজ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
হরিয়ানা: হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের ফলে ডিএ এবং ডিআর-এর হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে। কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধা পাবেন প্রায় ২.৭৮ লক্ষ নিয়মিত সরকারি কর্মচারী এবং ২.৬ লক্ষ পেনশনভোগী। এ ছাড়া বোর্ড, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি খাতের উদ্যোগের কর্মীরাও এই বর্ধিত ভাতার আওতায় আসবেন। সরকারি হিসাব অনুযায়ী, ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য কোষাগারে অতিরিক্ত ৫৪৫ কোটি টাকার আর্থিক বোঝা পড়বে।
পাঞ্জাব: অন্যদিকে, পাঞ্জাব সরকারও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত এই ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে পাওয়া যাবে। চলতি বছর পাঞ্জাব সরকার সব মিলিয়ে ১১ শতাংশ ডিএ বৃদ্ধি করল। এর আগে দু’টি কিস্তিতে ৪ শতাংশ করে বৃদ্ধি পাওয়ায় ডিএ-র হার ৪২ থেকে বেড়ে ৫০ শতাংশে হয়েছিল। এবারের ৩ শতাংশ বৃদ্ধির ফলে তা ৫৩ শতাংশে দাঁড়াল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষের অবশিষ্ট সময়ের জন্য কোষাগারে প্রায় ৩৮০ কোটি টাকার চাপ পড়বে এবং ২০২৭ সালের এপ্রিল থেকে প্রতি বছর অতিরিক্ত প্রায় ১,০০০ কোটি টাকা ব্যয় হবে।