রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৩% ডিএ বাড়াল সরকার!
উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, পৌঁছাল ৬৩ শতাংশে
লখনউ: উৎসবের মরসুমে উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে উন্নীত হলো।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে কর্মীরা হাতে পাবেন। এছাড়া জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বকেয়া ডিএ-র টাকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে।
সম্প্রতি কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সেই পথেই হেঁটে উত্তরপ্রদেশ সরকারও ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল। এই ঘোষণার ফলে রাজ্য সরকারের পাশাপাশি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা কেন্দ্র এবং নগর স্থানীয় সংস্থাগুলোর কর্মীরাও এই সুবিধা পাবেন। এর আগে চলতি বছরের জুন মাসে শেষবার ডিএ বৃদ্ধি করা হয়েছিল। দিওয়ালির ঠিক প্রাক্কালে সরকারের এই ঘোষণায় খুশি রাজ্যের সরকারি কর্মীমহল।