মহিলার দিকে তাকালেই যৌন হেনস্থা নয়, বড় রায় কর্ণাটক হাইকোর্টের!

 

যৌন হেনস্থার মামলা খারিজ করল কর্নাটক হাইকোর্ট, অভিযোগকারীর বয়ানে অসংগতির উল্লেখ

বেঙ্গালুরু: অভিযোগকারী নিজেই নিজের প্রাথমিক বয়ান থেকে সরে আসায় এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্থা ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট। বিচারপতি সূরজ গোবিন্দরাজের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, হাফিস কাসিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক বিবাদ মেটাতে গিয়ে যৌন সুবিধা চাওয়ার প্রস্তাব দেওয়া এবং টাকা ফেরত না দিলে শারীরিকভাবে আঘাতের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(ii), ৭৫(১)(iv), ৩৫১(২) ও ৩৫২ ধারায় মামলা দায়ের হয়। অভিযুক্ত ব্যক্তি সেই ফৌজদারি মামলা খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।

তদন্ত চলাকালীন পুলিশের কাছে দেওয়া পরবর্তী বয়ানে অভিযোগকারী মহিলা তাঁর প্রাথমিক অভিযোগের গুরুত্বপূর্ণ অংশগুলি অস্বীকার করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি কেবল তাঁর দিকে আপত্তিকরভাবে তাকিয়েছিলেন। এর বাইরে যৌন সুবিধা চাওয়া বা শারীরিক আঘাতের হুমকির বিষয়টি তিনি আর সমর্থন করেননি। তা সত্ত্বেও পুলিশ চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(ii) ও ৩৫১(২) ধারা বহাল রাখে।

এই প্রেক্ষাপটে গত ২ নভেম্বর মামলার রায়দানকালে বিচারপতি সূরজ গোবিন্দরাজ পর্যবেক্ষণ করেন, “শুধুমাত্র আপত্তিকর দৃষ্টিতে তাকানোকে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(ii) ধারার অধীনে যৌন সুবিধা চাওয়ার অনুরোধ হিসেবে গণ্য করা যায় না।”

আদালত আরও উল্লেখ করে যে, অভিযোগকারীর প্রাথমিক বয়ান এবং পরবর্তী বয়ানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা যৌন সুবিধা চাওয়া বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের সপক্ষে তদন্তে অন্য কোনো তথ্যপ্রমাণও পাওয়া যায়নি।

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, যদিও সব ক্ষেত্রে বয়ানের অসংগতির জন্য মামলা খারিজ করা যায় না, কিন্তু বর্তমান মামলায় অভিযোগকারী নিজেই নিজের প্রধান অভিযোগ থেকে সরে এসেছেন। অবশিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রমাণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছে না আদালত। এই যুক্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি কার্যধারা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *