সরকারি প্রকল্পের টাকা পেতে এবার বাধ্যতামূলক ভোটার কার্ড!

 

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বিকল্প হিসেবে গুরুত্ব বাড়ছে ভোটার কার্ডের

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এবার ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এই ইঙ্গিত দিয়েছেন।

কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের আয়োজিত একটি অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমানে দেশের প্রায় সব প্রান্তেই আধার কার্ড তৈরির ব্যবস্থা রয়েছে। ফলে পরিচয়পত্র হিসেবে এর সহজলভ্যতা বেড়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার।

রাজীব রঞ্জন সিং জানান, আগামী দিনে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের টাকা হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর এবং বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ পরিচয় যাচাইয়ের জন্য এখন থেকে ভোটার কার্ডের তথ্যের ওপর বিশেষ জোর দেওয়া হতে পারে।

বর্তমানে পিএম কিষাণ যোজনা এবং ভিবি জি রাম জি-সহ একাধিক প্রকল্পের সুবিধা ডিবিটি (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। মন্ত্রীর এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে, তবে কি উক্ত প্রকল্পগুলির নিয়মাবলীতে বড় ধরনের বদল আসতে চলেছে?

তবে কোন কোন নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিংবা কবে থেকে নতুন ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এতদিন আধারের ওপর যে বিশেষ নির্ভরতা ছিল, তা কিছুটা কমিয়ে ভোটার কার্ডকে অধিক গুরুত্ব দেওয়ার এই প্রক্রিয়াটি কীভাবে বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *