দীপাবলির সেরা উপহার! ৬,৫০৭ কম্পিউটার শিক্ষকের ডিএ বাড়াল রাজ্য সরকার
দীপাবলির উপহার: পাঞ্জাবে কম্পিউটার শিক্ষকদের ডিএ বৃদ্ধি ৪০ শতাংশ, কর্মীদের জন্য ৩ শতাংশ
চণ্ডীগড়: দীপাবলি উপলক্ষে পাঞ্জাবের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় ঘোষণা করল ভগবন্ত মান সরকার। শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষকের মহার্ঘ ভাতা (ডিএ) একলাফে ৪০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের ডিএ ১৮১ শতাংশ থেকে বেড়ে ২২১ শতাংশে দাঁড়াল।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ঘোষণা করে জানান, দীপাবলির উপহার হিসেবেই শিক্ষকদের জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, রাজ্যের ৮ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাও করেছে সরকার। এই বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের ডিএ-র হার ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে পৌঁছাল। সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গেই যুক্ত করে প্রদান করা হবে। উল্লেখ্য, চলতি বছরে পাঞ্জাব সরকার মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে।
একদিকে যখন সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করছে, অন্যদিকে তখন বকেয়া ডিএ-র দাবিতে সরব রাজ্যের একাংশ কর্মচারী ও পেনশনভোগী। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে ২২,৮১৮ কোটি টাকা। এই বকেয়া সংক্রান্ত বিষয়টি বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।