সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ভাবনা কেন্দ্রের, ইঙ্গিত মন্ত্রীর

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ভাবনা কেন্দ্রের নিজস্ব প্রতিবেদন: সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এবার ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এই ইঙ্গিত দিয়েছেন। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের একটি অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমানে দেশের প্রায় সব প্রান্তেই আধার কার্ড তৈরির ব্যবস্থা রয়েছে। ফলে পরিচয়পত্র হিসেবে আধারের পাশাপাশি অন্য নথির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। রাজীব রঞ্জন সিংয়ের মতে, ভবিষ্যতে সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর এবং বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। বর্তমানে পিএম কিষাণ যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অর্থ ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি (DBT)-র মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। মন্ত্রীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এবার ডিবিটি প্রকল্পের নিয়মাবলীতেও পরিবর্তন আসতে চলেছে? তবে কোন কোন নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে বা নতুন এই ব্যবস্থা কবে থেকে লাগু হতে পারে, সে বিষয়ে মন্ত্রী এখনও কোনো স্পষ্ট ঘোষণা করেননি। এতদিন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ডই ছিল প্রধান নথি, কিন্তু কেন্দ্রের নতুন এই পরিকল্পনায় ভোটার কার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সরকার এই বিষয়ে পরবর্তী ধাপে কী বিস্তারিত ঘোষণা করে, এখন সেদিকেই নজর সবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *