মাওবাদী দমনে আগের সরকারের ব্যর্থতা নিয়ে গর্জে উঠলেন মোদী!
মাওবাদমুক্ত পরিবেশে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর, নিশানা করলেন বিরোধীদের
নিজস্ব প্রতিবেদন: দীপাবলির উৎসবে সামিল হতে এবার বস্তারের জওয়ানদের মাঝে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে ও দেশের অভ্যন্তরে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের নিজের ‘পরিবারের সদস্য’ বলে অভিহিত করে তাঁদের দেশসেবার মনোভাবকে কুর্নিশ জানান তিনি।
বুধবার বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রী বলেন, “যাঁরা দেশের প্রহরী, মাতৃভূমির সেই সাহসী সন্তানরাই আমার পরিবারের সদস্য। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের ত্যাগ ও নিষ্ঠাকে সম্মান জানাতেই আজ আমি এখানে এসেছি।”
এবারের দীপাবলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর এটিই প্রথম মাওবাদমুক্ত দীপাবলি। দীর্ঘ কয়েক দশক ধরে মাওবাদী আতঙ্কে দিন কাটানো দেশবাসী আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।” তাঁর দাবি, গত ৪৭ বছরে এই প্রথমবার এক বছরে একজন জওয়ানও কর্তব্যরত অবস্থায় প্রাণ হারাননি। এই সাফল্যের কৃতিত্ব জওয়ানদেরই প্রাপ্য বলে তিনি উল্লেখ করেন।
মাওবাদ সমস্যা নিয়ে এদিন পূর্বতন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন মোদী। তিনি বলেন, “একসময় দেশের ২০০টিরও বেশি জেলায় মাওবাদীদের দৌরাত্ম্য ছিল। বস্তারের মানুষ ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারতেন না। অথচ তৎকালীন ‘নামদার’ সরকার এই সমস্যাকে রোগ হিসেবে দেখলেও মোকাবিলায় নিষ্ক্রিয় ছিল। আমাদের সরকার সেই মাওবাদী আতঙ্কের কোমর ভেঙে দিয়েছে।”
তবে মাওবাদী সমস্যা পুরোপুরি মিটলেও নতুন এক বিপদের বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তিনি একে ‘দিমাগি নকশাল’ বা আদর্শগত নকশালবাদ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর কথায়, “সশস্ত্র নকশালবাদীদের দমন করা গেলেও ‘দিমাগি নকশাল’রা এখন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলে অনুপ্রবেশ করেছে। তারা সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। এদের চিহ্নিত করে পরাস্ত করতে হবে, যাতে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।”
পরিশেষে, দেশজুড়ে সাধারণ মানুষের উৎসব উদযাপনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার এই পবিত্র লগ্নে দেশের সুরক্ষার দায়িত্ব পালনকারী জওয়ানদের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।