দিব্যাঙ্কা ত্রিপাঠীর আবাসনে আগুন, নিরাপত্তারক্ষীর মৃত্যুতে শোকাহত অভিনেত্রী

অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর আবাসনে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষী ধনপতের। পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বেরিয়ে আসতে পারলেও তাঁর মৃত্যুতে শোকাহত অভিনেত্রী। সমাজমাধ্যমে একটি পোস্টে ঘটনার বিবরণ ও প্রয়াত নিরাপত্তারক্ষীর স্মৃতি তুলে ধরেছেন তিনি।

দিব্যাঙ্কা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে বেরোতে দেরি হওয়ায় আগুন লাগার সময় তাঁরা আবাসনেই ছিলেন। বিপদ বুঝে যমজ সন্তানসহ পরিবারের সকলকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

মঙ্গলবারের পোস্টে অভিনেত্রী স্মরণ করেন, যমজ সন্তানদের হাসপাতাল থেকে বাড়ি আনার সময় যাঁরা তাদের স্বাগত জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন তাঁদের প্রিয় ‘ধনপত আঙ্কল’। শিশুদের প্রতি তাঁর স্নেহ ও আশীর্বাদের কথা তুলে ধরে দিব্যাঙ্কা জানান, তিনি চেয়েছিলেন ধনপত তাঁর সন্তানদের বড় হয়ে ওঠার সাক্ষী থাকুন।

নিজেরা রক্ষা পেলেও ধনপতের মৃত্যু তাঁদের গভীরভাবে আঘাত করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। উৎসবের মধ্যে এই মৃত্যুতে শোকাহত পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *