এক মঞ্চে উদিত নারায়ণ ও কুমার শানু, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় বিশেষ সঙ্গীতসন্ধ্যা
আগামী ২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন কলকাতায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ‘উইংস অফ লাভ’ নামের এই শো-তে একই মঞ্চে গান গাইবেন দুই কিংবদন্তি শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। লিভ ইয়োর ড্রিমস এবং রিভার্ব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে ভারতের প্রথম কুমার শানুর সিম্ফনি শো। নব্বইয়ের দশকের জনপ্রিয় সব প্রেমের গান নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ সন্ধ্যা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি কেবল বিনোদনের জন্য নয়, বরং শ্রোতাদের পুরনো স্মৃতি রোমন্থন করার সুযোগ করে দেবে। অনুষ্ঠানের আয়ের একটি অংশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবার কাজে ব্যয় করা হবে। সঙ্গীতকে মানুষের জীবনে আলো জ্বালানোর মাধ্যম হিসেবে ব্যবহার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
পারিবারিক ভালোবাসা ও বন্ধুত্বের উদযাপনের বার্তা নিয়ে আয়োজিত এই কনসার্টের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। অনলাইন অ্যাপের মাধ্যমে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। দুই কিংবদন্তি শিল্পীর যুগলবন্দি শোনার জন্য এখন থেকেই আগ্রহ প্রকাশ করছেন সঙ্গীতপ্রেমীরা। পুরনো দিনের নস্টালজিয়া এবং সুরের মূর্ছনায় এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংস্থাগুলি।