আগামী ১০ বছরে ক্যানসার ও অ্যালঝাইমার্স নির্মূলের সম্ভাবনা, এআই নিয়ে আশাবাদী অ্যানথ্রপিক প্রধান
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর হাত ধরে চিকিৎসাবিজ্ঞানে অভাবনীয় বিপ্লব আসতে চলেছে বলে দাবি করেছেন জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’-এর নির্মাতা সংস্থা অ্যানথ্রপিক-এর প্রধান দারিও আমোদেই। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে আগামী ১০ বছরের কম সময়ের মধ্যে ক্যানসার, অ্যালঝাইমার্স, হৃদরোগ এবং জটিল মানসিক অসুস্থতার মতো রোগগুলির স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হতে পারে। এআই প্রযুক্তি জৈবিক গবেষণা, নতুন ওষুধ আবিষ্কার এবং রোগের মূল কারণ শনাক্ত করার প্রক্রিয়াকে কয়েকশো গুণ দ্রুততর করে তুলতে সক্ষম।
আমোদেইয়ের মতে, বর্তমানে গবেষণাগারে নতুন ওষুধ তৈরির যে দীর্ঘ প্রক্রিয়া, তা এআই-এর মাধ্যমে বিপুল তথ্য বিশ্লেষণের সাহায্যে অনেক সহজ হয়ে যাবে। গুগলের ‘ডিপমাইন্ড’-এর আলফা ফোল্ড ইতিমধ্যেই ২০ কোটিরও বেশি প্রোটিনের গঠন আবিষ্কার করে গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রযুক্তি ব্যবহার করে ওষুধের উপাদান ও প্রোটিনের গঠন দ্রুত শনাক্ত করা সম্ভব, যা চিকিৎসা গবেষণার গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
তবে এই অতি-আশাবাদী দাবির সঙ্গে একমত নন ওষুধ শিল্পের বহু বিশেষজ্ঞ। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ লেইডেন জানিয়েছেন, কম্পিউটারের স্ক্রিনে ওষুধের উপাদান খুঁজে পাওয়া আর মানুষের শরীরে তার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণ করা সম্পূর্ণ আলাদা বিষয়। নতুন ওষুধ বাজারে আনার জন্য ল্যাবরেটরি টেস্ট, প্রাণীর দেহে পরীক্ষা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মতো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া পার করতে হয়, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই ১০ বছরের মধ্যে ক্যানসার পুরোপুরি নির্মূল হওয়ার সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের একাংশ যথেষ্ট সন্দিহান।