শৈশবে টিকা নেওয়া না থাকলে প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে সুরক্ষিত থাকবেন
শৈশবে অনেক সময় প্রয়োজনীয় টিকা নেওয়া সম্ভব হয় না। তবে প্রাপ্তবয়স্ক অবস্থায়ও নিজেকে বিভিন্ন মারণব্যাধি থেকে সুরক্ষিত রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, টিটেনাস, ডিপথেরিয়া ও পারটুসিসের মতো টিকা ছোটবেলায় না নেওয়া থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনটি ডোজ নেওয়া জরুরি। এছাড়া হাম-রুবেলা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, টাইফয়েড, চিকেনপক্স এবং জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা নির্দিষ্ট নিয়ম মেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে যারা গর্ভাবস্থার পরিকল্পনা করছেন, তাদের জন্য রুবেলা টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টিকা নেওয়ার প্রক্রিয়া শুরু করার আগে নিজের পুরনো টিকার কার্ড পরীক্ষা করে দেখা উচিত। যদি কোনো রেকর্ড খুঁজে না পাওয়া যায়, তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে অ্যান্টিবডি টাইটার টেস্টের মাধ্যমে শরীরে বিদ্যমান রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করা যেতে পারে। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসক একটি নির্দিষ্ট টিকাকরণের চার্ট তৈরি করে দেবেন, যা অনুসরণ করা জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়ার ক্ষেত্রে কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। বয়স ২০, ৩০ বা ৫০ বছর হলেও নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টিকা গ্রহণ করলে বিভিন্ন সংক্রামক রোগ থেকে দূরে থাকা যায়। তাই শৈশবে টিকা নেওয়া না থাকলেও হতাশ না হয়ে বর্তমান সময়ে সচেতন হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।