প্রয়াত প্রবীর রায়: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন প্রখ্যাত পরিচালক
প্রখ্যাত পরিচালক ও টেলিভিশন সম্প্রচারের পথিকৃৎ প্রবীর রায় ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার ইইডিএফ নার্সিংহোমে ভর্তি করা হয় এবং আইসিইউ-তে রাখা হয়েছিল। চিকিৎসায় সাড়া দিলেও শেষ পর্যন্ত ভোরবেলা ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪৮ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন প্রবীর রায়। যৌবনে তিনি জাতীয় স্তরের সাঁতারু ছিলেন। তবে তাঁর জীবনের অন্যতম বড় কৃতিত্ব ভারতে রঙিন টেলিভিশন সম্প্রচারের সূচনা করা। ১৯৮২ সালে নেহরু গোল্ড কাপ চলাকালীন দূরদর্শনের আগেই তিনি ভারতে প্রথম রঙিন টিভি সম্প্রচারের অসাধ্য সাধন করেছিলেন। তাঁর এই অবদান ভারতীয় সম্প্রচার মাধ্যমের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
পরিচালক হিসেবেও তিনি রেখে গেছেন একাধিক উল্লেখযোগ্য কাজ। ‘কাল মধুমাস’ চলচ্চিত্রের পাশাপাশি ‘গৃহদাহ’ ও ‘বিচিত্র তদন্ত’-এর মতো জনপ্রিয় সিরিয়াল পরিচালনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়া পণ্ডিত রবিশঙ্করের প্রথম ভারতীয় টিভি উপস্থিতি ‘রবিশঙ্কর-এ লিজেন্ড অফ গ্লোরি’-র প্রযোজনাও করেছিলেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি প্রমথেশ বড়ুয়া ও উত্তম কুমার পুরস্কারে ভূষিত হন। ২০০৩ সালে তিনি কলকাতার শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।