৯০ দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভব কি? জেনে নিন চিকিৎসকের পরামর্শ
টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে রেমিশন বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। তবে এটি পুরোপুরি রোগ সেরে যাওয়া নয়। চিকিৎসকের মতে, অন্তত তিন মাস কোনো ওষুধ ছাড়া HbA1c-এর মাত্রা ৬.৫ শতাংশের নিচে থাকলে তাকে ডায়াবেটিস রেমিশন বলা হয়। রোগীর ডায়াবেটিসের স্থায়িত্ব, শরীরের ওজন, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অগ্ন্যাশয়ের কার্যকারিতার ওপর এই বিষয়টি নির্ভর করে। জীবনযাত্রায় অনিয়ম হলে পরবর্তীতে শর্করার মাত্রা আবারও বেড়ে যেতে পারে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন, বিভিন্ন ধরনের বাদাম, সবুজ শাকসবজি ও ডাল রাখা প্রয়োজন। পাশাপাশি মিষ্টি, চিনিযুক্ত পানীয়, ময়দা এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমানো জরুরি। নিয়মিত শরীরচর্চার অংশ হিসেবে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটা প্রয়োজন। এছাড়া প্রতিবার খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটলে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়।
জীবনযাত্রার অন্যান্য অভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধূমপান ও মদ্যপান বর্জন এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। অনেক রোগীই জানতে চান ৯০ দিন পর ওষুধ বন্ধ করা যাবে কি না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা বা ডোজ কমানো বিপজ্জনক হতে পারে। রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসায় সাড়ার ওপর ভিত্তি করে চিকিৎসকই ওষুধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুস্থ থাকতে নিয়ম মেনে চলা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অপরিহার্য।